মুলাদীতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, আহত-৩

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৫
 
মুলাদীতে কবুতরকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এঘটনায় কলেজছাত্রীসহ কমপক্ষে ৩জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ছত্তার ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, প্রায় মাস তিনেক আগে মৃত মুক্তিযোদ্ধা ছত্তার ফকিরের ছেলে ফারুক ফকিরের কবুতর হারিয়ে যায়। সোমবার কবুতরটি তার বাড়িতে ফিরে আসে। সন্ধ্যার দিকে পাশের বাড়ির কালাম ঘরামী তার লোকজন নিয়ে ওই কবুতরটি তাদের বলে দাবী করেন। এতে ফারুক ফকিরের ছেলে সাইফুল ফকির প্রতিবাদ করলে কালাম ঘরামীর লোকজন হামলা চালিয়ে তাকে আহত করে। 
 
সাইফুলের ডাক চিৎকারে তার বোন কলেজছাত্রী পারভীন বেগম এবং মা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ফারুক ফকির মুলাদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। 
 
অপরদিকে হামলার ঘটনার ভিন্নখাতে প্রবাহিত করতে কালাম ঘরামীর স্ত্রী রেহানা বেগমকে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করে এবং সোমবার রাতেই ফারুক ফকিরের লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি