চট্টগ্রামের হাটহাজারীর লোকালয় থেকে একটি বানর আটক করা হয়েছে। উপজেলার দক্ষিণ মাদ্রাসা ফতেয়াবাদ বটতলী এলাকা থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বানরটিকে আটক করে স্থানীয়রা। বাদামী রংয়ের প্রায় ১৫কেজি ওজনের পুরুষ জাতের বানরটিকে গত ৪দিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে দেখা যায়।
স্থানীয় কৃষক আরাফাত বলেন, সকালে ফতেয়াবাদ বটতলী সন্নিকটে মাঝের বিলের বেগুন ক্ষেতে এটিকে বেগুন বিনষ্ট করতে দেখি। পরে ধাওয়া দিলে এটি বিভিন্ন গাছে ঝুলতে থাকে। এক পর্যায়ে একটি গাছ থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। তারপর আমরা এটিকে আটক করি।
এদিকে বানরটি ঠিক কোন স্থান থেকে এসেছে বা পোষমানা বানর কিনা তা জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, বানরটিকে গত ৪দিন ধরে ফতেয়াবাদের বিভিন্ন গাছে ঝুলতে দেখা গেছে। সেটি অনেকটা অসুস্থ হয়ে পড়েছে।
হাটহাজারী ১১ মাইলস্থ বনবিটের স্টেশন অফিসার মো. আবদুল হামিদ জানান, সংবাদ পেয়েছি। যতদ্রুত সম্ভব এটি উদ্ধার করে বনে অবমুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
