মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অচিরেই প্রতিমাসে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, দেশের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমানে তিন মাস পর পর ভাতা প্রদান করা হলেও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা- ২০১৩ মোতাবেক প্রতিমাসে ভাতা প্রদান মর্মে উল্লেখ রয়েছে। নীতিমালা অনুসারে ভাতা প্রদানের জন্য সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, রাজাকার, আলবদর ও পিস কমিটির সদস্যদের একটি তালিকা প্রণয়নের উদ্যোগ অব্যাহত রয়েছে। তবে এর একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এ তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ফেলা হয়েছে।
স্বতন্ত্র সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করা ও প্রকৃত মুক্তিযোদ্ধা নির্ণয়ের জন্য যাচাই বাছাই করার নিমিত্তে ৪৫৯টি উপজেলা কমিটি, পার্বত্য জেলাসমূহে ৩টি জেলা কমিটি, ৮টি মহানগর কমিটিসহ ৪৭০টি যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে। কেউ বাদ পড়ে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন জেলা-উপজেলা পর্যায়ে তালিকা আছে। অচিরেই ইউনিয়ন পর্যায়ে তালিকা তৈরি করা হবে।
ইত্তেফাক/নূহু
