গতকাল মঙ্গলবার বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১০৪তম, ১০৫তম এবং ১০৬তম আইন ও প্রশাসন কোর্সে উন্মুক্ত অধিবেশনে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
তিনি মিডিয়া এবং প্রশাসনের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়া, তিনি জনগণের সেবার মাধ্যমে প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল করার ওপর গুরুত্বারোপ এবং প্রশাসন পরিবারের জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন।
তিনি সরকারি দায়িত্ব পালন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সমাজ উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে নবীন কর্মকর্তাদের উত্সাহ প্রদান করেন। তিনি মিডিয়া এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এবং একে অপরের পরিপূরক হিসেবে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার বিষয়ে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান।
তিনি একাডেমিতে স্থাপিত ভিশন ওয়াল ‘আমার বাংলা’র উচ্ছ্বসিত প্রশংসা করেন। একাডেমির মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সকল কর্মকর্তাকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
—প্রেস বিজ্ঞপ্তি
ইত্তেফাক/নূহু
