চন্দনাইশে অগ্নিদগ্ধ সিরাজের ৭ দিন পর মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১২:১০
 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ বদুরপাড়া রাস্তার মাথায় এলপি গ্যাস সিলিন্ডার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত ঘটনায় অগ্নিদগ্ধে আহত ৪জনের মধ্যে সিরাজ (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
 
জানা যায়, ৭ দিন মৃত্যুর সাথে লড়ে গত ২৩ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৯টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত সিরাজ মিয়ানমার নাগরিক এবং চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ এলাকার বার্মা কলোনিতে দীর্ঘদিন থেকে স্ব-পরিবারে বসবাস করে আসছিল।
 
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বদুর পাড়া রাস্তার মাথায় হাজী আবু সোলতান এন্টারপ্রাইজ নামক এলপি গ্যাস সিলিন্ডার দোকানে আগুন দেখে চিৎকারে স্থানীয় লোকজন, চন্দনাইশ থানার পুলিশ ও পটিয়া, সাতকানিয়া থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ ৪জন অগ্নিদগ্ধে হয়ে গুরুত্বর আহতবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
 
ইত্তেফাক/এসএস