শিক্ষা জাতীয়করণ, বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উত্সব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিত্সা ভাতাসহ ১১ দফা দাবিতে বিভিন্ন স্থানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ বিষয়ে অফিস প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল:শিক্ষক-কর্মচারীদের অবিরাম কর্মবিরতির তৃতীয় দিনে অচল হয়ে পড়ে বরিশাল বিভাগের ২ সহস্রাধিক স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল বুধবার নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ে সমাবেশে বিভাগীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন মোজাম্মেল হক, রেজাউল করিম, তোফায়েল আহমেদ। বিভাগীয় সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম জানান, দাবি আদায়ে গতকাল বুধবার রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় শেষে আজ সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও ২৭ জানুয়ারি সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সভা করবেন।
গোপালগঞ্জ :গতকাল দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষক-কর্মচারীরা হাতে হাত ধরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন রচনা করেন। মানববন্ধন চলাকালে চাকরি জাতীয়করণের দাবিতে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক সুষেন কুমার বাগচি, শিক্ষক নেতা সন্তোষ কুমার বিশ্বাস, মোঃ শাহ আলম শেখসহ অন্য শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
মাদারীপুর:মাদারীপুরের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বিদ্যালয় জাতীয়করণসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে।
হোসেনপুর (কিশোরগঞ্জ):উপজেলা সদরের হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে ধর্মঘট শুরু করে শিক্ষক কর্মচারীরা।
মধুখালী (ফরিদপুর): উপজেলার ৪০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩ দিনের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু চলছে। শিক্ষকদের কর্মবিরতি থাকার কারণে উপজেলা প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে।
শিবপুর (নরসিংদী) :উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নেতাদের নেতৃত্বে কর্মবিরতি পালন চলছে। বাংলাদেশ শিক্ষক সমিতি শিবপুর উপজেলা শাখার সভাপতি শিক্ষক নেতা মোঃ ফাসাদ মিয়া বলেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব।
ইত্তেফাক/নূহু
