গোয়ালন্দে মাদকসহ চার যুবক আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৩:২৫
 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে মাদক সহ চার যুবককে আটক করেছে ঘাট থানা পুলিশ। গতকাল বুধবার রাতে ও  আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ২২পুরিয়া হেরোইনসহ মো. মানিক শেখ (৩৩) নামের এক যুবককে আটক করে থানা পুলিশ। তিনি ফরিদপুর কোতোয়ালী থানার চক ভবানীপুর গ্রামের আশরাফুল মিজান শেখের ছেলে। তার আগে ভোর সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাট পদ্মা বোর্ডিংয়ের সামনে থেকে ২১ পুরিয়া হেরোইনসহ হাসান মণ্ডল (৪০) নামের একজনকে আটক করে। তিনি দৌলতদিয়া পুড়াভিটা এলাকার তারক আলী মণ্ডলের ছেলে। বুধবার দিবাগত রাতে গোয়ালন্দ পৌরসভার কাইমদ্দিন প্রামাণিক পাড়া থেকে ২৫টি ইয়াবাবড়িসহ ওয়ালি উল্লাহ (৩০) নামের যুবককে আটক করে। তিনি ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। ওই দিন রাতে দৌলতদিয়া পদ্মা বোর্ডিঙয়ের সামনে থেকে ২১টি ইয়াবাবড়িসহ নিজাম সরদার (৩৩) নামের আরেক যুবককে আটক করে। তিনি উপজেলার পশ্চিম উজানচর রেলগেট এলাকার আব্বাস সরদারের ছেলে।
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করে।
 
ইত্তেফাক/এসএস