নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজারে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ৮ যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে গুলিভর্তি একটি একে-২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, ২৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল ও ৫৫ পিস ইয়াবা জব্দ করে। গতকাল বুধবার রাতে এক অভিযান তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামের মো. ওমর ফারুক সোহান (২৬), লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মোজাম্মেল হোসেন সাদ্দাম (২৫), পশ্চিম শাহাপুর গ্রামের মোতাহের হোসেন জাবেদ (২৮), কবিরহাট উপজেলার ধুমচর গ্রামের মো. রুবেল (২৬), সদর উপজেলার কাদির হানিফ গ্রামের এনায়েত করিম রাসেল (১৯), চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন (২৩), বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের কাউছার হামিদ (২৭) ও কুমিল্লা জেলার কতোয়ালী থানার দৌলতপুর গ্রামের জহিরুল ইসলাম (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম তানভীর আহমেদ জানান, অস্ত্রসহ কয়েকজন যুবক অপরাধ সংগঠিত করার উদ্দেশে জড়ো হয়েছে জানতে পেয়ে জেলা ডিবি পুলিশ শহরের পৌর বাজারের আলুর গুদামের ছাদে অভিযান চালায়। এ সময় অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে গুলি করতে উদ্যত হয়। এ পরিস্থিতিতে ডিবি পুলিশ তাদেরকে ঘেরাও করে রেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের সহযোগিতায় অস্ত্র ও ইয়াবাসহ আট যুবককে আটক করে। এ সময় তাদের সাথে ধস্তাধস্তিতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হন।
জেলা ডিবির ওসি আবুল খায়ের জানান, আজ দুপুরে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র,পুলিশের উপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
