মিঠাপুকুরে কলেজছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৬:৫৫
 
মিঠাপুকুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুর গ্রামের মফাজ্জল হোসেন কর্মকারের মেয়ে মিনারা খাতুন (১৯) ছড়ান ডিগ্রি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী ছিল। কয়েকদিন থেকে পরিবারের সদস্যদের সাথে তার বনিবনা হচ্ছিল না। বুধবার রাতে সে তার ঘরে ঘুমাতে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন মিনারাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পায়নি। পরে জানালা দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। সে আত্মহত্যা করেছে-নাকি তাকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝোলানো হয়েছে এনিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
 
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, লাশ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। 
 
ইত্তেফাক/আরকেজি