ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী নিউ ডিগ্রি গভ. কলেজে ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে ছাত্রলীগ। এনিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল কর্মী তৌফিক হোসেন তন্ময়কে পিটিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তন্ময়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বাইরে থেকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এনিয়ে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা ছাত্রদল কর্মী তন্ময়কে ধরে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তন্ময়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়া হয় বলেও জানান তিনি।
এদিকে নিউ ডিগ্রি গভ. কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি বলেন, কলেজে পরীক্ষা চলছিল। এ সময় মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে। পরীক্ষার কথা বলে ক্যাম্পাসে মিছিল করতে তাদের নিষেধ করা হয়। কিন্তু তারা না শুনে মিছিল করতে থাকলে ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।
অন্যদিকে মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তারা রাজশাহীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে। কিন্তু নিউ ডিগ্রি কলেজের বিনা উস্কানিতে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মিছিলে বাধা ও হামলা চালায় এবং নেতাকর্মীদের মারপিট করে বলে অভিযোগ করেন তিনি।
ইত্তেফাক/আরকেজি
