সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া অনাথ/এতিম শিশুদের যথাযথাভাবে রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা করা না হলে ওই সব শিশুরা যেকোন উপায়ে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। পরে ওই শিশুরা রোহিঙ্গা সম্পৃক্ত উগ্রবাদে জড়িয়ে পড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই এসব ব্যাপারে নিয়ে সরকার অধিকতর গুরুত্ব দিয়ে রোহিঙ্গা এতিম শিশুদের সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার দুপুরে উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ইরানের অর্থায়ানে পরিচালিত রেডক্রিসেন্টের ২০ শয্যা বিশিষ্ট ফিল্ড হসপিটাল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শিশুদের উপর জরিপ চালিয়ে এই পর্যন্ত ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ৩৭ হাজার অনাথ/এতিম শিশুকে শনাক্ত করা হয়েছে। ইউনিসেফের সহায়তায় সরকার এসব শিশুকে স্মাটকার্ড দিয়ে তাদের নির্মাণাধীন শিশুবান্ধব কেন্দ্রে রেখে পুনর্বাসন করা হবে।
এসময় বাংলাদেশে ইসলামিক প্রজাতন্ত্র ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইবরাহিম শাফীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
