ফেনী শহরে ছুরিকাঘাতে মোস্তফা আহম্মদ শাকিল নামে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা আহম্মদ শাকিল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুনবতি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ফেনী শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকায় বোনের বাড়িতে থেকে পড়াশুনা করতেন।
জানা যায়, শাকিল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। দলীয় কোন্দলে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।
স্থানীয় মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এসএস
