খুলনায় তিনটি হাত বোমা উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৪:৩৬
 
খুলনায় তিনটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে নগরীর কাশিপুর এলাকার মালা গ্যারেজের পার্শ্ববর্তী সন্ত্রাসী রিপন ওরফে ম্যাড রিপনের বাড়ির পিছন থেকে বোমা তিনটি উদ্ধার করে র‌্যাব-৬'র সদস্যরা।
 
র‌্যাব-৬'র এএসপি আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে নগরীর কাশিপুর এলাকার মালা গ্যারেজের পার্শ্ববর্তী ম্যাড রিপনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের আগমন টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার বাড়ির পিছনে তল্লাশি চালিয়ে হাতে তৈরি তিনটি শক্তিশালী হাত বোমা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমা তিনটি নগরীর দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ম্যাড রিপন নগরীর কাশিপুর এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দৌলতপুর ও খালিশপুর থানাসহ বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এসএস