পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গৃহবধূ রোজিনা বেগম (২০) স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে শনিবার সকাল ১১টার দিকে মারা যান। নিহত গৃহবধূর স্বামীর বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকায়।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সন্তানের জননী রোজিনা ও স্বামী আব্দুল্যাহর মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রোজিনার চুলের মুঠি ধরে মারধর করে ও শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী আব্দুল্যাহ। আগুনে রোজিনার গলাসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ সময় রোজিনার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে স্বামী আব্দুল্ল্যাহ আটক করে পুলিশকে খরর দেন। রোজিনাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে দগ্ধ রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তিন দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে চালককে শ্বাসরোধে হত্যা, প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টা
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ মনসুর আলী সরকার বলেন, ‘আটককৃত স্বামীকে ঘটনার পরদিন জেলহাজতে পাঠানো হয়। নিহতের ভাই মুশফিকুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’
ইত্তেফাক/কেকে
