সখীপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও হরতাল পালনের মুখে অবশেষে উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্যের এক জরুরি সভায় উপজেলা শাখার সদ্যঘোষিত কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। এ খবরে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্বঘোষিত তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা সখীপুর পৌরশহরের মোখতার ফোয়ারা চত্বরে টায়ার জ্বালিয়ে দেড় ঘণ্টাব্যাপী ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে রাখে। পরে সমাবেশ থেকে শুক্রবার আধাবেলা হরতালের ডাক দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে আহ্বায়ক এবং খান রফিক, আজাদ হীরা, আবু শিহাব, জামিল আহমেদ, রাসেল আল-মামুন ও ফরিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
এ কমিটি নিয়ে পদ বঞ্চিত স্থানীয় সংসদ সদস্যের সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা সখীপুর পৌরশহরে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করে। এদিকে হরতাল পালন শেষে পদ বঞ্চিত নেতাকর্মী-সমর্থকরা ছাত্রলীগের বয়স্ক ও অছাত্রদের দিয়ে অবৈধ কমিটি বাতিলের দাবিতে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ইত্তেফাক/আরকেজি
