পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে শনিবার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ০৯:০৯
 
পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭বি বসছে শনিবার। এর আগে কয়েক দফা এটি বসানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি। 
 
প্রকৌশলীরা জানান, দ্বিতীয় স্প্যানটি বসছে ৩৮ এবং ৩৯ নম্বর খুঁটির ওপর। এটি ৩৮ নম্বর খুঁটির প্রথম স্প্যানের সাথে স্থায়ীভাবে ওয়েল্ডিং করে দেয়া হবে। কিন্তু এই ওয়েল্ডিংয়ের আগে এর লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। যা ১৮শ’ টন ওজন বহন করবে। কিন্তু এটি এই ওজন বহনে সক্ষম কিনা তা পরীক্ষার জন্য ছয়টি টেস্ট পাইল স্থাপন করে ক্রেন দিয়ে টেনে এর ক্ষমতা নিরূপণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই টেস্ট সম্পন্ন হয় এবং সফল রিপোর্ট এসেছে। এরপরই তা অপসারণ শুরু হয়।
 
একেবারে ৩৮ নম্বর পিয়ারের সাথে এই টেস্ট পাইল। এই টেস্ট পাইল অপসারণের কাজ সম্পন্ন হয়েছে। এ টেস্ট পাইল অপসারণের পর এখন স্প্যানবাহী জাহাজটি যথাযথ স্থান ৩৮ ও ৩৯ নম্বর খুঁটির মাঝামাঝি যাওয়া সম্ভব হবে। শুক্রবার রাতে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীলরা জানিয়েছেন, দ্বিতীয় স্প্যানটি শনিবার খুঁটির ওপর বাসনোর সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে।
 
এদিকে পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের তিন দিনব্যাপী সরেজমিন সভা বৃহস্পতিবার শুরু হয়েছে। সভায় পাঁচ বিদেশি বিশেষজ্ঞও অংশ নিচ্ছেন। ওইদিন সকালে এই টিম মাওয়া হয়ে জাজিরা সার্ভিস এরিয়ায় যান। পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের প্রধান অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীসহ দেশি-বিদেশি ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের পুরো টিম এতে অংশ নিচ্ছেন।
 
উল্লেখ্য, পদ্মার তলদেশে নরম মাটির কারণে মাওয়া প্রান্তের ৬ ও ৭ নম্বরসহ ১৪টি খুঁটির ডিজাইন চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে। তবে বাকী সব খুঁটির ডিজাইন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এই রিপোর্ট লেখার সময় ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির মাঝামাঝি স্থানে অবস্থান করছে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনের জাহাজ ‘তিয়ান ই’। এই ৩৬শ’ টন ধারন ক্ষমতার ভাসমান ক্রেনের জাহাজ ‘তিয়ান ই’ স্প্যানটি পাজা করে নিয়ে বসিয়ে দিবে খুঁটির ওপর। সেই অপেক্ষা এখন। 
 
ইত্তেফাক/আরকেজি