ইছামতি নদীর উপর সরু সেতুতে যান চলাচল বিঘ্নিত

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ০১:২১

নবাবগঞ্জে ইছামতি নদীর উপর সরু সেতুতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেতুর উপর প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। উপজেলার পশ্চিম অঞ্চলের বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ইউনিয়নের জনগণের প্রাণের দাবি ছিলো বান্দুরা ইছামতি নদীর উপর একটি সেতু নির্মাণের। কিন্তু সেতুটি সরু হওয়ার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের।

এলাকাবাসীর দাবি পূরণে বিএনপি সরকারের সময় ইছামতী নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। ২০০৫ সালে জনসাধারণের জন্য সেতুটি খুলে দেয়া হয়। এরপর থেকে অতিরিক্ত যান চলাচলে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। তাছাড়া পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার কয়েক হাজার মানুষও যাতায়াত করে এখান দিয়ে। শিক্ষা, ব্যবসা, চিকিত্সাসহ নানা কাজে নবাবগঞ্জ থেকে মানিকগঞ্জে, আবার মানিকগঞ্জ থেকে নবাবগঞ্জে মানুষকে দৈনন্দিন যাওয়া-আসা করতে হয়। এজন্য ব্যবহার করতে ­হয় বান্দুরা সেতু।

বান্দুরা  ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া বলেন, সেতুটির পশ্চিম এলাকায় নবাবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন ও মানিকগঞ্জ জেলার মানুষের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেতুর ঢালে অটোরিকশার স্ট্যান্ড হওয়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। মাঝে মধ্যে মাটিভর্তি ট্রাকেও সৃষ্টি হয় যানজটের। এখানে বাণিজ্যিক কেন্দ্র  থাকায় লোকজন প্রতিদিন এ সেতু দিয়ে চলাচল করে। কিন্তু তাদের চলার পথে বাধা হচ্ছে যানজট। সেতুটি  পাশে কম হওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। শিগগিরই এই স্থানে আরেকটি নতুন সেতু নির্মাণেরও দাবি করেন তিনি।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ শাহজাহান বলেন, সেতুটির পাশেই  প্রশস্ত আরেকটি সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠিয়েছি। আশাকরি খুব শিগগিরই বাস্তবায়ন হবে।

ইত্তেফাক/নূহু