প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের আশা চান্দিমালের

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ০৯:৩৫
ওয়ানডে ক্রিকেটে ২০১৭ সালে বাজে সময় কেটেছে শ্রীলঙ্কার। নতুন বছরে চলমান ত্রিদেশীয় সিরিজে এসে চার ম্যাচের দুটিতেই জিতেছে লঙ্কানরা। এ সিরিজে প্রাথমিক পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দুটি ছিল পুরোই একতরফা। তবে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আজকের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট আশা করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল।
 
গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে চান্দিমাল বলেছেন, ‘আমাদের শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। সেটা হলেই আমরা ভালো ফলাফল পেতে পারি। আগামীকালের (আজ) জন্য আমাদের মধ্যে তেমন কিছুই আছে এবং আমরা যদি নেমে সেটার প্রয়োগ ঘটাতে পারি, সেক্ষেত্রে আমি নিশ্চিত আমরা ভালো ফলাফল বের করতে পারব।’
 
গত ১৯ জানুয়ারি দু’দলের প্রথম লড়াইয়ে বাংলাদেশ নিজেদের রেকর্ড ১৬৩ রানের ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। ২৫ জানুয়ারি দ্বিতীয় সাক্ষািটও ছিল একপেশে। যেখানে বাংলাদেশকে বিধ্বস্ত করে ১০ উইকেটে জিতেছে লঙ্কানরা। আজকের ফাইনালে  বাংলাদেশ চাইবে ঘুরে দাঁড়াতে, শ্রীলঙ্কার চাওয়া জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। শেষ ম্যাচের জয় চাঙ্গা করেছে লঙ্কান শিবিরকে। গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের আগে শ্রীলঙ্কার অধিনায়ক বলেছেন, ‘দলের জন্য এটা আসলেই খুব ভালো জয় ছিল। বিশেষ করে ফাইনালের আগে। আমরা ফাইনাল নিয়ে চিন্তা করছিলাম না। আমরা শুধু নির্দিষ্ট সময়ে একটা ম্যাচই খেলি। আমাদের সেটা করার জন্য একটা পদ্ধতি আছে। মৌলিক কাজগুলো করে যেতে হবে এবং পরিকল্পনার সঙ্গে লেগে থাকতে হবে। আমরা যদি সেটার প্রয়োগ ঘটাতে পারি খেলায় থাকতে পারব।’ 
 
হাথুরুসিংহের অধীনে ওয়ানডের বাজে ফর্ম কাটিয়ে ওঠার পথে আছে শ্রীলঙ্কা। চান্দিমাল বলেন, ‘এখন নতুন কোচের অধীনে আমরা কিছু নতুন কায়দা-কৌশল পেয়েছি। তার ওপর আমাদের যথেষ্ট আস্থা আছে এবং আমরা কিছু আত্মবিশ্বাসও পেয়েছি। আমরা ফল নিয়ে চিন্তা করছি না। যখনই আমরা নামব, কিভাবে সবসময় ভালো খেলা যায় আমরা সবসময় সেটা নিয়েই ভাবছি। দলে আসা এটাই এখন সবচেয়ে বড় পরিবর্তন।’
 
বড় জয়ে ফাইনালে আসলেও স্বাগতিক বাংলাদেশকে সমীহ করছেন চান্দিমাল। তবে লঙ্কান অধিনায়ক চাইছেন নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে। তিনি বলেন, ‘আসলে আমরা ফলাফল নিয়ে ভাবিনি। বিশেষ করে ঘরের মাটিতে বাংলাদেশ সত্যিই খুব ভালো দল। তারা সত্যিকারের বেশ কিছু ভালো খেলোয়াড় পেয়েছে যারা ৮/১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এখনও তারা ঘরের মাটিতে অনেক ভালো। কিন্তু আমাদের খেলার পরিকল্পনাসমূহের প্রয়োগ ঘটাতে হবে এবং তাহলেই আমরা খেলায় টিকে থাকতে পারব।’ 
 
লাকমল, চামিরা, থিসারা পেরেরা ও সান্দাকানই শেষ ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার। আজ ফাইনালেও বোলারদের কাছ থেকে তেমন কিছুই আশা করবে তারা। তাই শ্রীলঙ্কার একাদশে আজ পরিবর্তনের সম্ভাবনাও খুব কম।
 
ইত্তেফাক/কেআই