নড়াইলের কালিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউচ বটগাছতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার বিলবাউচ বটগাছতলা এলাকায় ১০/১২ জন ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার এস আই শিমুল কুমার দাস ও এস আই আতিকের নেতৃত্বে একদল পুলিশ ওইস্থানে উপস্থিত হলে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এসময় বিলবাউচ গ্রামের মাহাতাব শেখের ছেলে রওশন শেখকে (২২) আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক ও গ্রাম থেকে ডাকাত দলের অপর সদস্য পার্শ্ববর্তী পাঁচকাহুনিয়া গ্রামের জালাল মল্লিকের ছেলে আল-আমিনকে (২০) আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি রাম দা, ৬ টুকরা কালো কাপড় ও লোহার রড উদ্ধার করা হয়।
কালিয়া থানার উপ-পরিদর্শক( এসআই) শিমুল কুমার দাস জানান, আটক দুজনের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলের সদস্যদের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় কালিয়া থানায় ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামি করে একটি ডাকাতি ও আরেক অস্ত্র আইনে মামলা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
