দৌলতপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৬:৫৬
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান আবু হানিফকে (৪৫) গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ২টি চোরাই মোটরসাইকেল বিআরটিএর নকল সীল মোহর, ইঞ্জিন ও চ্যাসিস নম্বর তৈরির ডাইস এবং একটি কম্পিউটার উদ্ধার করেছে।
 
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে উপজেলার রামকৃঞ্চপুর ইউপির ভাগজোত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কাস্টমমোড় এলাকার রুস্তম দফাদারের ছেলে আবু হানিফকে গ্রেফতার করে। এসময় ২টি চোরাই মোটরসাইকেলসহ  বিআরটিএর নকল সীল মোহর, ইঞ্জিন ও চ্যাসিস নম্বর তৈরির ডাইস এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়। পরে হানিফের স্বীকারোক্তিতে শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে কামালপুর গ্রামের আসাদুলের ছেলে রিপন মেকার (৩৫) ও মুসলিমনগর গ্রামের হযরত আলীর ছেলে মিজানুরকে (৩২) একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। 
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, এরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত। এ ব্যাপারে থানায় পৃথক মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআই