রাজধানীর শাহজাহানপুর ও মালিবাগে নবজাতকসহ দুই লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনি থেকে একদিন বয়সী ছেলে নবজাত এবং মালিবাগে রাজউক অফিসার্স কোয়ার্টার থেকে আজহার মিয়া (৫০) নামের এক নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ মযনাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানার এসআই কুমার দাস জানান, শনিবার সকাল ৮টার দিকে তিনি দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ডাস্টবিনে কাগজের কার্টনের মধ্যে নবজাতকের লাশ পড়েছিল। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় তাকে সেখানে ফেলা হয়েছে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা হয়েছে।
এদিকে শনিবার সকালে পশ্চিম মালিবাগে রাজউক অফিসার্স কমপ্লেক্সের ভেতর একটি গাছের সঙ্গে পাটের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিরাপত্তারক্ষী আজহার মিয়ার লাশ ঝুলছিল। রমনা থানার এসআই আব্দুল বাতেন বলেন, ধারণা করা হচ্ছে, আজহার শুক্রবার রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় রমনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই
