দেশ-বিদেশের তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং তরুণ সম্প্রদায়ের একসঙ্গে কাজ করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক ইয়ুথ সামিট’ আয়োজন করবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
আজ শনিবার এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ইয়ুথ এন্ড স্পোর্টসের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি এফবিসিসিআইয়ের এই কমিটির পক্ষ থেকে দেশের তরুণ সম্প্রদায় এবং ক্রীড়াক্ষেত্রে তাদের সম্পৃক্ততা নিয়ে কর্মশালা আয়োজনেরও সিদ্ধান্ত হয়।
সভায় বক্তারা বিপথগামী তরুণ সম্প্রদায়, বিশেষ করে মাদকাসক্ত তরুণদের সুস্থ্ পথে ফিরিয়ে আনার লক্ষ্যে স্কুল-কলেজে অন্তত একটি করে খেলার মাঠ রাখার ওপর গুরুত্বারোপ করেন। কমিটি তরুণদের ক্রীড়া সম্পর্কিত নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ইনস্টিটিউট স্থাপনেরও প্রস্তাব করে।
কমিটির চেয়ারম্যান খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে
