পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সৎভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে। কাজের ব্যাপারে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। কে বলেছে দেশের উন্নয়ন হয়নি। সারা বিশ্ব দেখছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এমনকি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়েও আজ বাংলাদেশ উন্নয়নে এগিয়ে।
শনিবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুকুর খাল খননের পক্ষে। দক্ষিণাঞ্চলে অনেক পুকুর ও খাল খনন হচ্ছে। এই অঞ্চলে হয় না কেন ? আমি আমার নিজ এলাকায় উন্নয়নের জন্য চেয়ারম্যান মেম্বারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করি। আপনাদের দাবির আড়িয়াল বিলের ১১টি খাল খনন হবে।
IMG0
তিনি আরো বলেন, অনেকে ফেসবুকের বিরোধীতা করেন। কিন্ত আমি ফেসবুকের পক্ষে। আপনার এলাকার সমস্যাগুলো কাউকে বলতে না পারলে ফেসবুকে তুলে ধরেন। দেখবেন সমাধান হবে। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এক সময় দেখা করাও যেত না। কিন্ত দেশের উন্নয়ন দেখে এখন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ব্যস্ত থাকেন। এর কারণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই পদ্মা সেতু করা সম্ভব হচ্ছে। তা না হলে মানুষ পদ্মা সেতুর কথা ভাবতেই পারতো না।
IMG1
পানি সম্পদমন্ত্রী আরো বলেন, কাকে ভোট দিলে কাজ হবে সেটা লক্ষ্য রাখতে হবে। ইতিপূর্বে এই অঞ্চল থেকে অনেক এমপি-মন্ত্রী হয়েছে। কিন্ত দুঃখের বিষয় অনুষ্ঠানস্থলে আসার সময় আমাকে দশ মিনিট হেঁটে আসতে হয়েছে। এটা আমার সফরে কখনো হয়নি। দেশে কাজের রাজনীতি করতে হবে। কাজের সময় কাজ করতে হবে। কাজ করা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মুই তো কিছু পাইনি এই চিন্তা করে আমরা রাজনীতি করি। মুই মুই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। তাহলেই দেশের সঠিক উন্নয়ন হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। শত্রুতা ভুলে গিয়ে নির্বাচনের বছর ২০১৮ কে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষের মাঝে নৌকার জোয়ার বয়ে আনতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
IMG2
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. পলাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন-উর-রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম, স্কুল প্রতিষ্ঠাতা সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার সার্কেল এএসপি মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলীমূর রহমান খান পিয়ারা, ইব্রাহিম খলিল, নন্দলাল সিং, মাসুদুর রহমান, আরিফুর রহমান শিকদার, পান্নু মাদবর, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বসাক প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
