পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে রবিবার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২০:২৪
 
পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার)  ৩৮ ও ৩৯ নম্বর পিলারের কাছে নেয়া হয়েছে। স্থাপন প্রক্রিয়া অনেক দূর এগিয়ে আনা হলেও সন্ধ্যা ঘনিয়ে আসায় স্থাপন করা সম্ভব হয়নি। তবে রবিবার সকাল দিকেই এটি খুঁটির ওপর বসিয়ে দেয়া যাবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। 
 
পদ্মা বহুমুখী সেতুর প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, আলো স্বল্পতা এবং সার্ভে করতে প্রকৌশলীদের সমস্যা দেখা দেয়ায় রবিবার স্প্যানটি বসানোর কাজ আবার শুরু হবে বলে। এছাড়া স্প্যান স্থাপনের কাজ শনিবার পুরোপুরি সম্পন্ন করতে রাত ৯-১০টা পর্যন্ত হয়ে যাবে। বর্তমানে ৩৮ ও ৩৯ নং পিলার থেকে সমান্য দূরে রাখা হয় ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি। এর আগে স্প্যান বসানোর আনুসঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। 
 
শনিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুসাঙ্গিক আনুষ্ঠানিকতা। এর আগে স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থান নিয়ে আসা হয়। পিলারের ওপর স্প্যান বসতে ৩৫ নম্বর পিলার এলাকা থেকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার  ‘তিয়ান ই’ জাহাজের ক্রেনে করে নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। 
 
মাওয়ার বিশেষায়িত ইয়ার্ড থেকে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যানটি বের করে ভাসমান ক্রেনে তোলা হয় গত শনিবারেই। স্প্যানটি ৩৮ নম্বর খুঁটির প্রথম স্প্যানের সঙ্গে স্থায়ীভাবে ওয়েল্ডিং করে দেয়া হবে। কিন্তু এই ওয়েল্ডিংয়ের আগে এর লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। 
 
পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয়েছিলো গত বছরের ৩০ সেপ্টেম্বর। জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারে বসানো হয় ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি।এরপর প্রস্তুত করে তোলা হয় ৩৯ ও ৪০ নম্বর পিলারও। ইয়ার্ডে আগেই তৈরি ছিল দ্বিতীয় স্প্যান।
 
ইত্তেফাক/ইউবি