রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৩:০৯
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধান রয়েছে রিয়াল মাদ্রিদের। জিনেদিন জিদানের দল বিদায় নিয়েছে কোপা দেল রে থেকেও। এই পরিস্থিতিতে ফের মাঠে নেমে লা লিগায় দলকে জয় এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রিয়াল জিতল ৪-১ গোলে। জোড়া গোল করেছেন সি আর সেভেন। 
 
তবে রোনালদোর দু’টি গোলই এসেছে পেনাল্টি থেকে। যা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে রোনালদোর সমালোচকরা ফের তাঁকে ‘পেনালদো’ বলে বিদ্রুপ করতেও শুরু করে দিয়েছেন। যদিও তাতে পর্তুগিজ সুপারস্টার কোনও প্রতিক্রিয়া দেননি। রিয়ালের বাকি দুই গোলদাতা—মার্সেলো এবং টনি ক্রুজ।
 
এদিকে, লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ক্ষীণ বুঝতে পেরেই বোধ হয় রোনালদোও নিশানা বদলে ফেলেছেন। বলছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পেতেই হবে রিয়ালকে। সেই সাফল্যই বদলে দিতে পারে এই হতাশানজক মৌসুমের ছবিটা। তখন হয়তো অনেকেই বলবেন, এত সফল মৌসুম আসেনি। কাজেই এখনই হতাশ হওয়ার মতো কিছু হয়নি।’
 
দিন কয়েক আগেই লেগানেস-এর কাছে হেরে কোপা দেল রে থেকেও ছিটকে গিয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ফলে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে ট্রফিহীন অবস্থায় কাটাতে হবে কি না সে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর সেই প্রসঙ্গেই রোনালদো বলছেন, ‘লা লিগায় শুরুটা ভাল হয়নি। ফলে পিছিয়ে যেতে হয়েছে অনেকটাই। যা খুশি করেনি সমর্থকদের। এই পরিস্থিতিতে হতাশ না হয়ে আমাদের উচিত চ্যাম্পিয়ন্স লিগের জন্য কঠোর প্রস্তুতি নেওয়া। কারণ টানা তিন বার ওই ট্রফিটা এ বার জিততে পারলে সব হতাশা মুছে যাবে।’ 
 
গত সপ্তাহেই মাঠেই চোট পেয়েছিলেন রোনালদো। যার ফলে চোখের কাছে আঘাত পেয়ে রক্ত জমে গিয়েছিল। এমনকি আঘাতের জায়গাতে সেলাই করতে হয় তাঁকে। তার পরেই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে গোটা ফুটবল দুনিয়ায় রোনালদো ভক্তদের মধ্যে উঠছিল আওয়াজটা—সিআর সেভেন কি আর আগের মতো সুন্দর দেখতে রয়েছেন? কিন্তু এ দিন রোনালদো সেই জল্পনা দূরে সরিয়ে জানিয়ে দিলেন, তিনি আগের মতোই সুপুরুষ দেখতে রয়েছেন।
 
ইত্তেফাক/কেআই