মন্ত্রীপুত্র তমাল জামিনে মুক্ত

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৩:৫৫
 
সাংবাদিককে মারধরের মামলায় দেড় মাস হাজতবাসের পর ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র ও ঈশ্বরদীর যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল রবিবার জামিনে মুক্তিলাভ করেছেন। জামিন শুনানি শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরুজ্জামান তাকে জামিন দিয়ে আদেশ দেন।
 
তমালের আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামন মামুন জানান, গত ২৯ নভেম্বর সাংবাদিক মারধরের ঘটনার অভিযোগে ডিবিসি নিউজের সাংবাদিক পার্থ হাসান বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন। তমাল গত ১৩ ডিসেম্বর পাবনার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এরপর পাঁচবার নিম্ন আদালতে তমালের জামিনের আবেদন নামঞ্জুর হয়। পরে রবিবার পাবনার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন।
 
ইত্তেফাক/এএম