গ্রাজুয়েট রোশান

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২০:৪৪
চিত্রনায়ক জিয়াউল রোশান ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে (বিবিএ) স্নাতক শেষ করেছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের ১৯ তম সমাবর্তনে অফিসিয়ালি ‘গ্র্যাজুয়েট’ হয়েছেন তিনি।
 
 
পরীমনির বিপরীতে ‘রক্ত’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পন করেন রোশান। এরপর ধ্যাততেরিকি ও কলকাতার দেবের ‘ককপিট’ ছবিতে অভিনয় করে আলোচিত হন এই বাংলাদেশি চিত্রতারকা।
 
রোশান বলেন, গত বছরের সমাবর্তনে অংশ নেওয়ার কথা ছিল আমার। কিন্তু ব্যক্তিগত কারণে অংশ নিতে পারিনি।  একবছর আগেই আমার স্নাতক শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৯ তম সমাবর্তনে আমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়েছি।
 
তিনি আরো বলেন, ‘ব্যাচেলর ডিগ্রি আগেই সম্পন্ন হয়েছে। এবার ফিল্মের ওপর মাস্টার্স করবো। মাস্টার্স অবশ্য দেশের বাইরে থেকে করার ইচ্ছে রয়েছে। সিনেমার ক্যারিয়ারের পাশাপাশি আমার শিক্ষাজীবনটাও যেন ভালোভাবে সম্পন্ন হয় এজন্য সবার কাছে দোয়া চাই।'
 
রোশান বর্তমানে চিত্রনায়িকা ববির বিপরীতে ‘বেপরোয়া’ ছবিতে কাজ করছেন। ছবিটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। আগামী মাসের বেপরোয়া ছবির শুটিংয়ে থাইল্যান্ডে যাবেন রোশান।
 
ইত্তেফাক/ রেজা