বয়স্ক ও দুধ দেয়ার ক্ষমতা শেষ হয়ে যাওয়া গরু নিয়ে বিপাকে পড়েছেন ভারতের খামারিরা। বিশেষ করে মোদি সরকার ক্ষমতায় আসার পর গরুর মাংস বিক্রি ও জবাই নিষিদ্ধ করার পর এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
ভারতসহ উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে দেবতা মনে করে। তাদের বিশ্বাস গরু হত্যা মহাপাপ। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গরু হত্যা বন্ধ নিয়ে কাজ করা কট্টরবাদী সংগঠনগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এর প্রভাব পড়েছে দেশটির গরুর খামারি, মাংস ও চামড়া ব্যবসায়ীদের ওপর। কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানে পড়ছেন।
ভারতের মোট ২৯টি রাজ্যের মধ্যে ২২টিতেই গবাদি পশুর মাংস বিক্রি নিষিদ্ধ৷ আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতোকাল কার্যকর ছিল না, তবে ২০১৪ সালে হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে৷ কিছু কিছু রাজ্যে নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর করা শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়৷ ২০১৫ সালে উত্তর প্রদেশ রাজ্যের দাদরি এলাকার একটি গ্রামে ৫০ বছর বয়সি এক মুসলমানকে ঘরে গরুর মাংস রাখা ও খাওয়ার অভিযোগ তুলে পিটিয়ে মারে মৌলবাদীরা৷
ইত্তেফাক/ইউবি
