নন্দীগ্রামে সঞ্চয়ের টাকা নিয়ে 'গ্রীণ ভিশন ফাউন্ডেশন' উধাও

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ০০:৫০

বগুড়ার নন্দীগ্রামে শতাধিক সদস্যের সঞ্চয়ের টাকা নিয়ে 'গ্রীণ ভিশন ফাউন্ডেশন' নামে একটি সংস্থা পালিয়ে গেছে। তাদের মাঠকর্মীরা উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে খেটে খাওয়া সহজ সরল লোকজনকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্য ফরম পুরণ করে, তাদের কাছ থেকে সঞ্চয়ের নামে প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

রবিবার দুপুর থেকে সদস্যদের মাঝে ঋণ বিতরণ করার কথা ছিল। সে মোতাবেক ঋণের টাকা নিতে এসে সদস্যরা অফিসে তালা ঝুলতে দেখে হতাশ হয়ে পড়ে।

এসময় সদস্যরা দিশেহারা হয়ে কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ করতে থাকে। সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এরপর সন্ধ্যা পর্যন্ত অফিসের সামনে অবস্থান করেও অফিসের কোন কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি।

ভুক্তভোগীরা জানান, এক সপ্তাহ আগে নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ী মাস্টার পাড়ায় বাসা ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে 'গ্রীণ ভিশন ফাউন্ডেশন' নামে একটি সংস্থা। সংস্থাটির কর্মীরা বিভিন্ন গ্রামে লোকজনকে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সদস্য ফরম পূরণ করে। প্রতিষ্ঠানটির ম্যানেজার জাহিদুল ইসলাম, মাঠকর্মী আবুল কালাম আজাদ, আমেনা খাতুনসহ ৪-৫জন মাঠকর্মী ঋণ দেয়ার নামে ১৫-২০ জন সদস্য নিয়ে একটি করে সমিতি গঠন করে। পরে তারা সঞ্চয়ের নামে গুন্দইল গ্রাম থেকে ৩৫ হাজার, নামুইট গ্রাম থেকে ২৫ হাজার, চুকাইপাড়া থেকে ১৭ হাজার ৫০০, ওমরপুর থেকে ৪০ হাজার টাকাসহ আরো বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৬ লাখ টাকা সংগ্রহ করে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু