ঝিনাইদহ সদর উপজেলার নিমতলা ব্রিজ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ খাইরুল ইসলাম (২৭) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খাইরুল ইসলাম উপজেলার চান্দুয়ালি গ্রামের আব্দার মোল্লার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আজ সোমবার ভোরে একদল ডাকাত সদর উপজেলার হলিধানী-বাজারগোপালপুর সড়কের নিমতলা ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে খাইরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এসএস
