একযুগে চ্যানেল আই বইমেলা সরাসরি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১০:৪৪
 
ভাষার মাস ফেব্রুয়ারি। এ ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বইমেলা সরাসরি অনুষ্ঠানটি এরমধ্যে একযুগে পদার্পণ করছে। 
 
বইমেলা সরাসরিতে প্রতিদিন থাকবে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনার্থীদের সাক্ষাৎকার-সহ বইমেলার নানান খুঁটিনাটি। এ উপলক্ষে ২৮ জানুয়ারি দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বইমেলা সরাসরি সম্প্রচার প্রসঙ্গে নানাদিক তুলে ধরেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বইমেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং বইমেলার সাথে আইএফআইসি ব্যাংকের সম্পৃক্ততা ব্যাখ্যা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। 
IMG0
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কথাসাহিত্যিক আলী ইমাম বলেন, চ্যানেল আই বাংলা সংস্কৃতির প্রসার যেভাবে সারা বিশ্বে তুলে ধরছে আমার মনে হয় পৃথিবীর আর কোনো প্রতিষ্ঠান এভাবে তুলে ধরেনা। মেলার প্রযোজক আমীরুল ইসলাম জানান, অন্যবারের চেয়ে এবারের বইমেলা সরাসরি সম্প্রচারে আনা হয়েছে নতুনত্ব এবং টেলিভিশনের পর্দায় উপস্থাপনেও আনা হয়েছে ভিন্নতা। 
 
মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্র্রচারিত হবে শনি, রবি, বুধ ও শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটে। সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর