হিজড়াকে কুপিয়ে জখম, যুবক আটক

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১১:৪৪
 
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আমিরুল ইসলাম ওরফে তৃপ্তি নামে এক হিজড়াকে কুপিয়ে জখমের ঘটনায় পুলিশ অনিক সিংহ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
তৃপ্তি পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুর এলাকার লোকমান গাজীর সন্তান। আটককৃত অনিক যশোরের ঝিকরগাছার উপজেলার কৃষ্ণনগর গ্রামের গণেশ সিংহের ছেলে।
 
পুলিশ ও তৃপ্তির পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অনিক আমিরুল ওরফে তৃপ্তির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর তারা উভয়েই নেশা করে এক পর্যায়ে তৃপ্তিকে বেসামাল করে ঘরে রক্ষিত তার টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করতে যায়।বিষয়টি বুঝতে পেরে তৃপ্তি এতে বাঁধা দিলে অনিক তার কাছে থাকা চাকু দিয়ে তার গলায় উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় তার চিৎকারে বাড়ির অন্যান্যরা এগিয়ে এসে অনিককে আটক করে কপিলমুনি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে তাকে ফাঁড়িতে নিয়ে যায়। তৃপ্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কপিলমুনি হাসপাতালে নিলে সেখানে ডাক্তার না থাকায় তালা হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে ঐ রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, অনিক সিংহ তার মা'কে নিয়ে কপিলমুনি সদরের জনৈক সুকুমার রায়ের বাড়িতে ভাড়া থাকেন। এছাড়া তার পিতা গণেশ সিংহ মোংলাতে থাকে বলে জানা যায়। রবিবার সকালে তৃপ্তির ভাইপো মো. জাহিদুল গাজী বাদী হয়ে অনিককে আসামি করে পাইকগাছা থানায় একটি মামলা করেছে।
 
ইত্তেফাক/এসএস