চৌমুহনীতে গ্যাস বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু, আহত ৭

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৪:৪৩
 
নোয়াখালীর চৌমুহনী শহরস্থ বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর একটি ওষুধ কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু ও সাতজন আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
জানা যায়, বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে ওষুধ কারখানায় রবিবার রাতে গ্যাস নির্গত হতে থাকলে বিষক্রিয়ায় নুরুল আমীন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এতে আহত সাতজনকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করলে জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত। গ্লোব ফার্মাসিউটিক্যালস লি. এর দায়িত্বশীল কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, নিহত ও আহতদের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব কোম্পানি বহন করছে।
 
ইত্তেফাক/এসএস