২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হতাহতের ঘটনায় আনা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। আজ যুক্তিতর্ক পেশ করার ৩৭তম দিনে আসামি মাওলানা মো. সাঈদ ওরফে ডাক্তার জাফরের পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী মোহাম্মদ আলী। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রমকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এদিকে এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, এ মামলায় আসামিপক্ষ নানা অজুহাতে সময় ক্ষেপন করছেন। মামলার ধার্য তারিখে এসে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনে তাদের পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে আদালতে সময় চাচ্ছে। বিচারপ্রার্থী জনগণ এ মামলায় ন্যায়বিচারের আশায় রয়েছেন।
এর আগে এ মামলায় পলাতক আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাওলানা লিটন ওরফে জুবায়ের, মুফতি সফিকুর রহমান, মো. ইকবাল, মাওলানা তাজউদ্দিন, জাহাঙ্গির আলম বদর, রাতুল আহমদ বাবু, মহিবুল মোত্তাকিন, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, মো. খলিল, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপি নেতা হারিছ চৌধুরী, আনিসুল মোরসালিন ও মুফতি আবদুল হাইয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।
এ মামলায় আটক আসামি মুন্সি মুহিবুল্লাহ ওরফে অভি, আবদুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ মাওলানা ইয়াহিয়ার পক্ষে তাদের নিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক পেশ শেষ করেন।
ইত্তেফাক/কেকে
