সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দেশের বিভিন্ন স্থানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতী পালন করেছেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে রবি, সোম এবং মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
নলছিটি (ঝালকাঠি): নলছিটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালনকালে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার সচিব আবু হেনা মোঃ রাশেদ ইকবাল, পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের নলছিটি শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তালুকদার।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা): দর্শনা পৌরসভা চত্বরে জেলার দর্শনা ও জীবননগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। চুয়াডাঙ্গা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, এ কর্মবিরতি চলাকালে পৌরসভার সমস্ত নাগরিক সেবা প্রদান থেকে বিরত রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
গাংনী (মেহেরপুর): গাংনী পৌরসভার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় কর্মকর্তা-কর্মচারীরা।
নাঙ্গলকোট (কুমিল্লা): নাঙ্গলকোট পৌর কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করে। এ সময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি মোহসিনুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মন্নান, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান প্রমুখ।
বরগুনা (উত্তর): শহরে বিক্ষোভ মিছিল শেষে পৌরসভা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বাদল প্রমুখ।
কেশবপুর (যশোর): কেশবপুর পৌরসভা চত্বরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন যশোর শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে কর্মবিরতিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
ইত্তেফাক/নূহু
