কর্তৃপক্ষের গাফিলতিতে ৫ ছাত্রের দাখিল পরীক্ষা অনিশ্চিত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১০:০৯
 
চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদস্থ বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণে পাঁচ শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা গতকাল সোমবার বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
 
সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার বিজ্ঞান বিভাগের দাখিল পরীক্ষার্থী ফতেয়াবাদ এলাকার মো. আব্দুল মাবুদ, মো. আরিফ, সাইফুল্লাহ মনছুর, আবদুল্লাহ আল ফয়সাল ও হাসান মো. ইব্রাহীম রেজিস্ট্রেশন চলাকালীন সময় মাদ্রাসা শিক্ষকদের কাছে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিল। তারা ৯ম থেকে ১০ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে এবং নিয়মিত ক্লাস করে চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছে। তবে সোমবার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের জন্য মাদ্রাসায় গেলে জানানো হয় তারা এবার পরীক্ষা দিতে পারবে না।
 
প্রবেশপত্র না পাওয়া ছাত্র সাইফুল্লাহ ও আব্দুল মাবুদ জানায়, ‘আমরা দাখিল পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করেছিলাম। যথারীতি দীর্ঘ প্রস্তুতিও নিয়েছি। গতকাল সোমবার মাদ্রাসায় গেলে কর্তৃপক্ষ জানায় প্রবেশপত্র আসেনি। বারবার অধ্যক্ষ মো. আবদুল্লাহ আল মাহমুদের সাথে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।’ তারা আরো জানায়, ‘দাখিল পরীক্ষা দিতে না পারলে আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। যে কোনো উপায়ে আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন।’
 
এদিকে এ বিষয়ে জানতে ওই মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
 
জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী জানান, পাঁচ শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক মাদ্রাসা প্রধানের সাথে কথা হলে তিনি প্রবেশপত্রের জন্য শিক্ষাবোর্ডে গেছেন বলে জানিয়েছেন। তবে পরীক্ষা নিয়ন্ত্রক মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির জন্য শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন। তাছাড়া শিক্ষার্থীদের লিখিত অভিযোগের বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আজমকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/এসএস