পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:০৩
 
টাঙ্গাইলের সখীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ হারালেন আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ। মঙ্গলবার সকালে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
 
নিহত বৃদ্ধ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা গ্রামের বাসিন্দা। বৃদ্ধের পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের শেখ আবদুল বারেকের ছেলে শেখ জাহাঙ্গীর আলমের কাছে বৃদ্ধ আবুল হোসেন মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে যান। এ সময় জাহাঙ্গীর আলম পৌরসভার রেনাজ সিনেমা হল সড়কের গ্রামীণ টাওয়ারের কাছে বৃদ্ধকে নিয়ে আসে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় দুজনের মধ্যে কথাকাটির একপর্যায়ে উত্তেজিত জাহাঙ্গীর বৃদ্ধকে কিল-ঘুষি ও লাথি মারে। বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লে জাহাঙ্গীর পালিয়ে যায়। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
 
জরুরি বিভাগের চিকিত্সক রাজিয়া সুলতানা বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বৃদ্ধকে নিয়ে আসলেও ঘটনাস্থল কিংবা আনার পথেই তিনি মারা যান। নিহতের চাচাতো ভাই পৌরসভার সাবেক কাউন্সিলর বাদল হোসেন বাদু বলেন, নিহতের দুই হাত, পা এবং অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর হত্যা করেছে।
 
নিহতের ছেলে সামছুল আলম বলেন, বাবা সিমেন্টের খুঁটি বানানোর ব্যবসা করতেন। জাহাঙ্গীর চার মাস আগে খুঁটি বানিয়ে নিয়ে টাকা দিতে তালবাহানা করছিল। তার কাছে ১০ হাজার টাকা পাওনা আছে। সে টাকা চাইতে গিয়ে আমার বাবা জীবন দিলেন। আমি বাবা হত্যার বিচার চাই।
 
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 

ইত্তেফাক/এএম।