কোহলির সঙ্গে ভিভের মিল পাচ্ছেন হোল্ডিং

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:১৯
স্বদেশী ভিভ রিচার্ডসের সঙ্গে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির একটা অদ্ভুত মিল দেখছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। তিনি মনে করছেন, ভিভ রিচার্ডসও যখন সবে দলের নেতৃত্ব দিতে শুরু করেছিলেন, বিরাট কোহলির মতোই আগ্রাসী আর আক্রমণাত্মক মেজাজের ছিলেন। কিন্তু অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যান। হোল্ডিং মনে করছেন, কোহলিও আস্তে আস্তে ভবিষ্যতে সে রকমই হয়ে উঠবেন।
 
সোমবার জোহানেসবার্গে সংবাদ সংস্থাকে হোল্ডিং বলেন, ‘এই মুহূর্তে বিরাট কোহালি একজন তরুণ অধিনায়ক। ও এখন সবে শিখছে। বুঝতে শিখছে কীভাবে একজন অধিনায়ক নিজেকে গড়ে তোলে। মাঝে মাঝে বিরাট খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। কোনও কোনও সময় এতটাই হয়ে পড়ে, তখন শুধু বিপক্ষের কাছেই নয়, নিজের দলের কাছেও ও ভীতিজনক হয়ে পড়ে। আমি যখন স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে বিরাটের তুলনা করি, তখন শুধু ব্যাটসম্যানশিপেরই তুলনা করি না। আমি দু’জনের অধিনায়কত্বেরও তুলনা করি।’
 
ভিভ রিচার্ডস প্রসঙ্গে বলতে গিয়ে হোল্ডিংয়ের উপলব্ধি, ‘ভিভের ক্ষেত্রেও আমি একই ব্যাপার দেখেছি। ও যখন প্রথম অধিনায়ক হয়েছিল, তখন ভিভের মধ্যেও একই ব্যাপার ছিল। তারপর আস্তে আস্তে অভিজ্ঞ হতে থাকে। নিজে একটু শান্ত হয়। আর ওর টিমও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আর তার পরেই ক্রিকেট মাঠে ফল পাওয়া শুরু হয়। আমার মনে হয় বিরাটের ক্ষেত্রেও সে রকমটাই হবে।’
 
ইত্তেফাক/কেআই