ময়মনসিংহের ফুলপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের সংবিধান পাঠের প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তা হিসেবে ছিলেন দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর নূহু আব্দুল্লাহ।
মঙ্গলবার ফুলপুর ডিগ্রি কলেজ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ ও ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংবিধান পাঠের প্রয়োজনীয়তা বিষয়ক অনুষ্ঠান তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠিত হয়। তিনটি অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থী উপস্থিত ছিল।
অনুষ্ঠানে নূহু আব্দুল্লাহ বলেন, ‘সংবিধান একটি রাষ্ট্র পরিরচালনার মূল নীতিমালা, এটি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। আর এই সংবিধান বলা হয়েছে, একটি রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কাজেই জনগণকে সংবিধান সম্পর্কে জানতে হবে। কিভাবে দেশ পরিচালিত হচ্ছে তা জানার জন্য সংবিধান জরুরি। সচেতন জনগোষ্ঠী ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না। দেশ ভালো থাকতে পারে না। আর দেশ ভালো না থাকলে মানুষ ভালো থাকতে পারে না।
প্রতিটি সেমিনারে শিক্ষার্থীররা শপথ গ্রহণ করে, তারা অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না এবং সংবিধান মেনে চলবে।
IMG0
দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর নূহু আবদুল্লাহ মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফুলপুরে পৌঁছেন। পরে তিনি পৌর শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বাংলাদেশের সংবিধান’ নিয়ে সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
প্রথমে সকাল সাড়ে ১০টা থেকে ফুলপুর ডিগ্রি কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রভাষক মো. এরশাদুল ইসলাম, মোহাম্মদ সারোয়ার হোসেন, ছাইফুল ইসলাম, আক্তারুজ্জামান, ইনকিলাব সংবাদদাতা মো. খলিলুর রহমান, ইত্তেফাকের ফুলপুর সংবাদদাতা মো. জাহাঙ্গীর আলম ও প্রধান অফিস সহকারী শহিদুল ইসলাম তসলিম বক্তৃতা করেন। সেমিনারে দেড়শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দুপুর ১২টা থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রওশন আরা বেগম। বতৃতা করেন প্রভাষক মো. আমিনুল হক ও সাফায়েত জামিল সাজু। সেমিনারে দুইশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দুপুর ১টা থেকে ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশড় শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান শিক্ষক মো. হরমুজ আলী চৌধুরী সভাপতিত্বে করেন। এতে সহকারী প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক জহুরা খাতুন, শাহীনা পারভীন, রিক্তা দত্ত, আতিকুল আসলাম, নাহিদ নিগার সুলতানা, আনোয়ারা বেগম, হোসনে আরা উপস্থিত ছিলেন। তিনটি অনুষ্ঠানে সঞ্চালনের দায়িত্বে ছিলেন দৈনিক ইত্তেফাকের ফুলপুর সংবাদদাতা মো.জাহাঙ্গীর আলম।
ইত্তেফাক/ইউবি
