দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম বলেছেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় দুর্যোগের আগাম বার্তা সরাসরি জনসাধারণের কাছে পৌঁছানোর পদক্ষেপ নেয়া হয়েছে।
আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য এম এ মালেকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) প্রযুক্তি দ্বারা সকল মোবাইল অপারেটরের মাধ্যমে প্রচারের এ পদক্ষেপ নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, এসএমএস-এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত এবং করণীয় বিষয়ে বার্তা মোবাইল ফোনে জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠানো হচ্ছে।
মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের মাধ্যমে সকল জেলা ও উপজেলার সঙ্গে অনলাইন-এ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সকল তথ্য আদান-প্রদান করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বন্যা প্রবণ এলাকায় ৪২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ চলমান রয়েছে। ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় ৩ হাজার ৮৫১টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং আরো ২২০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
