নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নারীদের পিছিয়ে রেখে নয়, তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, নেতৃত্ব তৈরির স্থান হলো সংগঠন। উন্নয়নের প্রতিটি সূচকে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নারীকে নেতৃত্ব পর্যায়ে গড়ে তোলার কাজে সকলকে এগিয়ে আসতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর বিয়াম ভবনে ‘সমতার পথে নারীশ্রমিক নেতৃত্বের যাত্রা’ শীর্ষক নারী শ্রমিক সম্মিলন ২০১৮’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নারীকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, সে লক্ষ্যে নারীর প্রতি সহনশীল আচরণ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাকে কর্মক্ষেত্র ও পরিবারে সুযোগ তৈরিতে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন, কেয়ার বাংলাদেশ, অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন ও নারী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন কর্মজীবী নারী এই সম্মিলনের আয়োজন করে।
কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিমা আক্তার শিরিন, কেয়ার বাংলাদেশ এর পরিচালক হুমায়রা আজিজ ও কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক ও নাট্যজন রোকেয়া রফিক বেবী।
ইত্তেফাক/কেকে
