রাঙ্গামাটিতে ৩ আওয়ামী লীগের নেতার উপর হামলা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৪:১৫
 
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় তিন আওয়ামী লীগ নেতার উপর আবারো অতর্কিতে হামলা চালিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিলাইছড়ির দুর্গম তিনকুনিয়া এলাকায় একটি চায়ের দোকান থেকে এই তিন নেতাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।
 
আহতরা হলেন, বিলাইছড়ি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মৃণাল কান্তি তংচঙ্গ্যা, বিলাইছড়ি স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয় চাঁদ তংচঙ্গ্যা, বিলাইছড়ি  ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য জয়নাল তংচঙ্গ্যা।
 
আওয়ামী লীগের তিন নেতার উপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতে গুরুতর আহত অবস্থায় তাদের বিলাইছড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে আজ বুধবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
আওয়ামী লীগ থেকে পদত্যাগ না করায় ও রাঙ্গামাটিতে গত রবিবার অনুষ্ঠিত নাগরিক সমাজের সন্ত্রাস বিরোধী সমাবেশে যোগ দেয়ার অপরাধে তাদের উপর এ হামলা চালানো হয়েছে বলে ঘটনার জন্য স্থানীয় আঞ্চলিক দলকে দায়ী করেছে আওয়ামী লীগ।
 
এদিকে সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ রাঙ্গামাটি হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের সান্ত্বনা দেন।
 
ইত্তেফাক/এসএস