সখীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৬:০৩
 
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত স্বামী জুয়েল রানাকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সখীপুর থানার ওসি মাকছুদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নেমে মামলা হওয়ার ৭ ঘণ্টার মাথায় অভিযুক্তকে গ্রেফতার করে। গত সোমবার ভোরে আকলিমা আক্তার নামের এ গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে উপজেলার কচুয়া বেপারীপাড়া গ্রামের বাপের বাড়িতে স্ত্রী আকলিমা আক্তারকে স্বামী সৌদি প্রবাসী জুয়ের রানা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় আকলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ব্যাপারে মঙ্গলবার রাতে নিহত আকলিমার বাবা আলতাফ হোসেন জুয়েলকে আসামি করে থানায় মামলা করে। স্বামী জুয়েল রানা একই উপজেলার কালিয়াপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
 
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুনের ঘটনা স্বীকার করেছে জুয়েল রানা। ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে জুয়েলকে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ডে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস