সাতক্ষীরায় বাস মালিক লাঞ্ছিত, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:২২
মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে এক বাস মালিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে জেলার সব রুটে এক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বাস চলাচল স্বাভাবিক হয়। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে।
 
বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, বুধবার বেলা ১১টার দিকে বিনা কারণে শেখ জামালউদ্দিনকে মারপিট করেন মালিক সমিতির সাবেক সভাপতি সাইফুল করিম সাবু। এ ঘটনায়  সাধারণ মালিক শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি জানান, এ সময় আরও আহত হন, বাস শ্রমিক আকতার হোসেন, মিজানুর রহমান ও ডাবলু।
 
এদিকে, এ খবর চাউর হতেই জেলার সব রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেন মালিক ও তাদের সমর্থক শ্রমিকরা। পরে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টা পর গাড়ি চলাচল ফের স্বাভাবিক হয়ে যায়।
 
এ ব্যাপারে বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু জানান, সেখানে মারপিটের কোন ঘটনাই ঘটেনি। মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে শেখ জামাল উদ্দীনের সাথে আমার কথা কাটাকাটি হয়। পরে সেটি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ বিষয়টি মিমাংসা করে দেন। তিনি আরও জানান, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাস মালিক সমিতিরি বর্তমান সভাপতি আবু আহমেদ বরং আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছেন। আমি তার কোন প্রতিবাদ করি নাই। এ বিষয়টি নিয়ে বাস মালিক ও শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
 
ইত্তেফাক/এমআই