রাজশাহীতে জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পশ্চিম শেরপুর গ্রামের মৃত মাওলানা ফরিদ উদ্দিনের ছেলে আতিউল্লাহ সরকার (২২) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কুমেদপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে মোকছেদুল ইসলাম (২২)।
র্যাব-৫ রাজশাহীর সহ-অধিনায়ক মেজর এম আশরাফুল ইসলাম জানান, গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য কাশিয়াডাঙ্গা রহমান ফিলিং স্টেশনের পাশে বাসের জন্য অপেক্ষা করছিল দুই যুবক। সন্দেহ হলে তাদের জিজ্ঞাবাসাদ করে ব্যাগ তল্লাশি করা হয়। তাদের ব্যাগে এক কেজি ২৪০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
এ সময় তাদের আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজনেই জেএমবির এহসার সদস্য বলে স্বীকার করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তর এবং আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
ইত্তেফাক/আরকেজি
