চীনে ক্লাস ফাইভের অঙ্ক পরীক্ষায় একটি প্রশ্ন এসেছে এমন- ‘একটি জাহাজে ২৬টি ভেড়া এবং ১০টি ছাগল আছে। তাহলে জাহাজের ক্যাপ্টেনের বয়স কত?’ কি অবাক হয়ে ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন। বলছেন এই প্রশ্নের উত্তর দেয়া কখনোই সম্ভব নয়। কারণ প্রশ্নে ভুল রয়েছে। কিন্তু যারা এই প্রশ্নটি করেছেন, সেই চীনের শিক্ষা দফতর জানিয়েছে, প্রশ্নটি ঠিক এবং এর উত্তরও পাওয়া সম্ভব।
IMG0
বিবিসির খবর অনুযায়ী, এই প্রশ্নটির উত্তর নিয়ে এক প্রশ্নের উত্তরে চীনের শিক্ষা দফতরের এক কর্মকর্তা বলেন, ‘প্রশ্নটি একদম ঠিক। সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে, আমাদের প্রাইমারি স্তরের শিশুদের বাস্তববোধের যথেষ্ট অভাব। অঙ্কের ক্ষেত্রে এই সমস্যা আরো বেশি।’ আর তাই এই ধরনের একটি ‘বাস্তব’ জ্ঞানের প্রশ্ন করা হয়েছে বলা জানান তিনি।
IMG1
ক্লাস ফাইভের ওই পরীক্ষার্থীরা তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের নাভিশ্বাস উঠেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে। তবে চীনের শিক্ষা দফতর বলছে, ‘চীনে একটি ভেড়া এবং একটি ছাগলের গড় ওজন অনুযায়ী ২৬টি ভেড়া এবং ১০টি ছাগলের মোট ওজন কমপক্ষে সাত হাজার সাতশো কেজি। চীনে পাঁচ হাজার কেজি ওজনের বেশি পণ্য পরিবহণের ক্ষেত্রে জাহাজের ক্যাপ্টেনের অন্তত পাঁচ বছরের লাইসেন্সের প্রয়োজন। চীনে জাহাজ চালানোর ন্যূনতম বয়স ২৩। অর্থাৎ এই জাহাজের ক্যাপ্টেনের বয়স ২৮ (২৩+৫) এর কম নয়।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু
