‌‘সবার মৌলিক অধিকার রক্ষার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২০:৫৫
 
দেশের সব ধরনের মানুষের মৌলিক অধিকার রক্ষার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 
 
তিনি বলেন, ৩২ ধারায় অপরাধগুলো বর্তমানে প্যানেল কোর্টে অপরাধ হিসেবে চিহ্নিত আছে। এছাড়া অফিসিয়াল সিক্রেসি এক্ট যেটা ১৯২৬ সালে পরে যেটি ২০০৭ সালে সংশোধন করা হয়। এই আইনে নতুন কিছু সন্নিবেশিত হয়নি। এই আইন প্রকৃত পক্ষে সাংবাদিক, বুদ্ধিজীবী, গৃহিনী, সাধারণ মানুষ অর্থাৎ সবার সুরক্ষা দেয়ার জন্য করা হয়েছে। আর এই আইনটি এখনো চুড়ান্ত হয়নি।
 
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা কমিটির নিয়মিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
বিএনপির ৭ ধারা বাতিল প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বিএনপি ৭ ধারা বাতিল করে অফিসিয়াল ভাবে অপরাধের স্বীকৃতি দিয়েছে। সাত ধারা বাতিল করে তারা প্রমাণ করেছে সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজদের দলে পরিণত হয়েছে।
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, বেগম জিয়ার রায় নিয়ে বিএনপি দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটির নমুনা আমরা দেখতে পেয়েছি। গতকাল পুলিশের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসী কায়দায়। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেছে। আমরা আমাদের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি যারা জনগনের শান্তি নষ্ট করতে চাইবে তাদের প্রতিহত করার জন্য।
 
ইত্তেফাক/কেকে