কুমিল্লায় গ্যাসের ১২ কিলোমিটার অবৈধ পাইপ লাইন অপসারণ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২২:৩১
 
কুমিল্লায় গ্যাসের ১২ কিলোমিটার অবৈধ পাইপ লাইন অপসারণের কাজ শুরু করা হয়েছে। এরমধ্যে ৩ কিলোমিটার অপসারণ করা হয়েছে। বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বিভিন্নস্থানে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
 
জানা যায়, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিডিসিএল কর্মকর্তারা র‌্যাব, পুলিশ ও আনসার টিম সঙ্গে নিয়ে বুধবার সকাল ১০টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় ওই ইউনিয়নের কালিরবাজার হতে কমলাপুর হয়ে ধনুয়াখোলা পর্যন্ত সড়কের প্রায় ১২ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন উত্তোলন শুরু করা হয়। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক জানান, বিকাল পর্যন্ত ৩ কিলোমিটার পাইপ লাইন উত্তোলন করা হয়েছে, পর্যায়ক্রমে অবশিষ্ট অংশের গ্যাস পাইপ উত্তোলন করা হবে। 
 
এসময় উপস্থিত ছিলেন বিজিডিসিএলের ডিজিএম ও ভিজিলেন্স টিমের প্রধান প্রকৌশলী মো. রবিউল হক, উপ-মহাব্যবস্থাপক নুরুল আমিন, কোম্পানির ইলেক্ট্রিক্যাল কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের ব্যবস্থাপক জসিম উদ্দিন আহমেদসহ পদস্থ কর্মকর্তারা। 
 
ভিজিলেন্স টিমের প্রধান প্রকৌশলী মো. রবিউল হক জানান, অবৈধ পাইপ লাইন অপসারণ করতে পর্যায়ক্রমে সকল এলাকায় এ অভিযান পরিচালনা করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি