অবশেষে পরীক্ষা দিচ্ছে সেই ৫ দাখিল পরীক্ষার্থী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৮
 
ইউএনও'র হস্তক্ষেপে অবশেষে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ বটতলী মাদ্রাসার পাঁচ দাখিল পরীক্ষার্থী গতকাল বুধবার দিবাগত রাতে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পেয়েছে। এতে করে মাদ্রাসার বিজ্ঞান বিভাগের দাখিল পরীক্ষার্থী মো. আব্দুল মাবুদ, মো. আরিফ, সাইফুল্লাহ মনছুর, আবদুল্লাহ আল ফয়সাল ও হাসান মো. ইব্রাহীম আজ বৃহস্পতিবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে।  এর আগে ওই মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণে শিক্ষাবোর্ড থেকে এই পরীক্ষার্থীদের কোন রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হয়নি।
 
রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ইউএনও আক্তার উননেছা শিউলী বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র না পাওয়ায় পাঁচ পরীক্ষার্থী গত সোমবার বিকেলে আমার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা হলে প্রথমে তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব নয় বলে জানান। আবার বিষয়টি হাটহাজারীর সাংসদ পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জানানো হয়। পরে মন্ত্রী এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলেন ও তার সুপারিশক্রমে বুধবার বিকেলে মাদ্রাসা অধ্যক্ষ শিক্ষাবোর্ড থেকে ওই পাঁচ শিক্ষার্থীর প্রবেশপত্র গ্রহণ করেন।
 
মাদ্রাসা অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ জানান, মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হাতে পাওয়ার পর রাতেই চট্টগ্রাম ফিরি এবং রাতেই ওই পাঁচ পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হস্তান্তর করেছি।
 
প্রসঙ্গত, ওই পাঁচ শিক্ষার্থী নিয়ন অনুযায়ী মাদ্রাসা শিক্ষকদের কাছে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিল। তারা ৯ম থেকে ১০ম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে নিয়মিত ক্লাস করে চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। তবে পরীক্ষার আগে সকল পরীক্ষার্থী পেলেও মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণে তারা প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড না পাওয়ায় তারা হাটহাজারী ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। এ নিয়ে ওই এলাকার অভিভাবক ও স্থানীয় জনসাধারণ মাদ্রাসা কর্তৃপক্ষের উপর চরম ক্ষুব্দও হন।
 
ইত্তেফাক/এসএস