ঈশ্বরদী-বঙ্গবন্ধু সেতু রুটে পাবনার ভাঙ্গুড়া স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ড্রাইভারসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আহতদের মধ্যে রেলের ড্রাইভার সোহরাব আলী (৪০) ও আনিসুর রহমানকে (৪৫) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দুটো বগি ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের দুটি ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ড্রাইভার আনিস জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- দিনাজপুরের শেতাবগঞ্জ থেকে আগত মিটার গেজের একটি মালবাহী আপ ট্রেন ভাঙ্গুড়া স্টেশনের ১ নম্বর লাইনে এসে দাঁড়ায়। এর পরপরই সিরাজগঞ্জ থেকে আগত ব্রড গেজের অপর একটি ডাউন ট্রেন ওই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। ফলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আপ ট্রেনের গার্ড জাকারিয়া জানান, স্টেশন মাস্টারের সিগনাল অনুযায়ী তিনি ড্রাইভারকে ভাঙ্গুড়া স্টেশনে দাঁড়ানোর নির্দেশ দেন। ডাউন ট্রেনের ড্রাইভার সোহরাব আলী জানান, কুয়াশায় সামনে দেখতে না পেয়ে লাইনের গ্রিন সিগনাল অনুযায়ী তিনি স্টেশনের একই লাইনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার শিকার হন। একই লাইনে দুটো ট্রেন কিভাবে ঢুকল ভাঙ্গুড়া স্টেশন মাস্টার আব্দুল মালেক তার কোনো সদুত্তর দিতে পারেননি।
এ দিকে লাইন ক্লিয়ার না থাকায় সকাল ৯টায় রিপোর্ট লেখার সময় রাজশাহী হতে আগত ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি চাটমোহর এবং রাজশাহীগামী ধূমকেতু ট্রেন জামতৈল স্টেশনে অপেক্ষা করছে। স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, সকাল পৌনে ৯টায় উদ্ধার কাজ শুরু হয়েছে। এক-দেড় ঘণ্টার মধ্যে লাইন ক্লিয়ার হবে বলে তিনি আশা করছেন।
ইত্তেফাক/এসএস
